খবর লাইভ : প্রতি মুহূর্তেই হানা দিতে ওত পেতে বসে রয়েছে করোনা ভাইরাস! উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,০৯২ জনের।
দিনে দিনে যেন আরও জাল বিস্তার করছে করোনা। রাজধানী দিল্লিতে করোনার কোপে ১ সপ্তাহের জন্য বন্ধ মেট্রো পরিষেবা। কোথায় চলছে লকডাউন, কোথাও বা আংশিক লকডাউন। আর কোনও রাজ্য সেখানে হেঁটেছে নাইট কার্ফুর পথে। কিন্তু লাভ কিছুই হচ্ছে না। বেপরোয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে নভেল করোনা ভাইরাস। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭,৩৬,৬৪৮ জন। যার ফলে সমস্যা শুরু হতে পারে নতুন করে অক্সিজেন-বেড ও যথাযথ চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য মন্ত্রক বলছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,০৯২ জনের। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৩ লক্ষ ১৭ হাজার ৪০৪ জন। মৃতের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ৩৬২ জন।
ইতিমধ্যেই দেশে অক্সিজেনের আকাল মেটাতে মাঠে নামতে হয়েছে সুপ্রিম কোর্টকে। এই পরিস্থিতিতে অক্সিজেনের সঠিক সরবরাহ ও কৌশল ঠিক করতে টাস্ক ফোর্স গড়ার নির্দেশ দেন বিচারপতি। সেই মতো টাস্ক ফোর্স তৈরি করে কেন্দ্রীয় সরকার। তবে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে দেশজুড়ে লকডাউন না করলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




