খবর লাইভ : বাংলায় ভোট মিটলেও রাজনৈতিক হিংসার ঘটনা অব্যাহত। এবার সেই হিংসার ঘটনায় ধরপাকড় শুরু করল সিআইডি। ফেসবুকে ভুয়ো পোস্ট করে উস্কানি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সিআইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন অর্ঘ্য সাহা সোনারপুরের বাসিন্দা। অপরজন আকাশ মণ্ডল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা। তারা দুজনেই পড়ুয়া।
রাজ্যে হিংসা বরদাস্ত করা হবে না। দোষ যেই করুক, দল-রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট পরবর্তী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি হিংসার জল গড়ায় দিল্লি পর্যন্ত। চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে রাজ্যে। তবে মমতার কড়া বার্তার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ধরপাকড় শুরু করতেই দুজন ধরা পড়েছে সিআইডির জালে।




