খবর লাইভ : তৃতীয় বারের তৃণমূল সরকারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পাবেন, তা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা ছড়িয়েছে। চলতি বিধানসভা ভোটে বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র সহ পাঁচ মন্ত্রী দাঁড়াননি। তাছাড়া গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও শান্তিরাম মাহাতোর মতো তিন মন্ত্রী ভোটে লড়ে হেরে গিয়েছেন। ফলে তাঁদের পরিবর্তে কাদের মন্ত্রিসভায় নিয়ে আসা হবে, অর্থমন্ত্রীর দায়িত্ব কার কাঁধে বর্তাবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আপাতত অর্থমন্ত্রীর দায়িত্ব নিজের হাতেই রাখতে পারেন মমতা। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে সবং থেকে জয়ী মানস ভুঁইয়াকে। ইন্দ্রনীল সেনের পদোন্নতি ঘটতে পারে। পরিবহণ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে মদন মিত্রকে। শুধু তাই নয়, মুর্শিদাবাদ এবং মালদায় দল অপ্রত্যাশিত ফল করায় ওই দুই জেলার বেশ কয়েকজনের মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাণ্ডুয়া থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ রত্না দে নাগেরও মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে। সংখ্যালঘু সম্প্রদায় যেহেতু এবার দু’হাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছেন, তাই ওই সম্প্রদায়ের বেশ কয়েকজনকে ঠাঁই দেওয়া হচ্ছে। তবে গত মন্ত্রিসভার বেশ কয়েকজনের দফতরের অদল-বদল ঘটতে পারে।




