State

অনির্দিষ্টকালের জন্য পিছল জঙ্গিপুর-সামশেরগঞ্জের ভোট

0
(0)

খবর লাইভ : মুর্শিদাবাদ জেলার দুই বিধানসভা কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের কথা মাথায় রেখেই ওই দুই আসনের ভোট পিছিয়ে দেওয়া হয়েছে বলে সোমবার কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১৬ মে ওই দুই আসনে ভোট নেওয়ার কথা ছিল। ১৯ মে ভোট গণনার কথা।
গত ২৬ এপ্রিল সপ্তম দফায় মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। পরের দিন মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারান জঙ্গিপুরের বাম প্রার্থী প্রদীপ নন্দী। দুই স্বীকৃত দলের প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত রাখে নির্বাচন কমিশন। প্রথমে ঈদের সম্ভাব্য দিন ১৩ মে ভোট নেওয়ার কথা ঘোষণা করা হয়। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠার পরে ওই ভোট পিছিয়ে দিয়ে ১৬ মে নেওয়ার সিদ্ধান্ত হয়।
কিন্তু রাজ্যে করোনার সংক্রমণ যেভাবে লাগামছাড়া হয়ে উঠেছে তার পরিপ্রেক্ষিতে ১৬ মে ভোট নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু সরে এল কমিশন। কবে ওই দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে তা নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের এক শীর্ষ আধিকারিক।
সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ওই দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেই ভোটের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে। সে ক্ষেত্রে গোটা ভোট প্রক্রিয়াই সম্পূর্ণ নতুনভাবে শুরু করা হবে।
মুর্শিদাবাদের দুই কেন্দ্রের ভোট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার পাশাপাশি বিধানসভা ভোটের জন্য রাজ্যজুড়ে যে আদর্শ আচরণবিধি চালু হয়েছিল, তাও এদিন প্রত্যাহার করে নিয়েছে কমিশন। যার ফলে রাজ্য প্রশাসন কমিশনের ‘কবল মুক্ত’ হল। অর্থা‍ৎ এখন থেকে কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর কমিশনের অনুমোদন নিতে হবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *