খবর লাইভ : এবার সন্দেশখালির পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ। সোমবার গভীর রাতে সন্দেশখালি থানার অন্তর্গত শীতলিয়া পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। হামলায় এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। আহত কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ জামিন মিলল না কেজরিওয়ালের, সুপ্রিম কোর্টে যাচ্ছে আপ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় এগারোটা নাগাদ শীতুলিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। পুলিশকর্মীদের মারধর করা শুরু হয়। এক কনস্টেবলকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই কনস্টেবল কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, সন্দেশখালির একটি ফ্লাড সেন্টারে রয়েছে শীতলিয়ার পুলিশ ফাঁড়িটি। আচমকা সেই ফাঁড়িতে হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই হামলার ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারাও। তাঁরা বলছেন, সন্দেশখালিতে যখন অশান্তি চলছিল তখনও শীতলিয়া এলাকা ঠান্ডা ছিল। ইদানীংকালে কোনও গোলমালের ঘটনাও সেখানে শোনা যায়নি।




