খবর লাইভ : ভোট মিটতেই রাজ্যে আংশিক লকডাউন। করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত সরকারের। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে শপিংমল, রেস্তোরাঁ, সিনেমা হল, বার, সুইমিংপুল, বিউটি পার্লার, স্পা, স্পোর্টস কমপ্লেক্সগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন। তবে এই অবস্থায় খাবার, ওষুধ-সহ অন্যান্য সামগ্রীর হোম ডেলিভারি এখনই বন্ধ করছে না রাজ্য সরকার। তবে অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল রাজ্যের।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনের বাজার নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। সকালে বাজার খোলা থাকবে ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেলে বাজার খোলা থাকবে ৩টে থেকে ৫টা পর্যন্ত। শুধুমাত্র জরুরি প্রয়োজনের ভিত্তিতে যে সমস্ত দোকান দরকার যেমন মুদিখানা, ওষুধের দোকান এগুলি খোলা থাকবে। বাকি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের বিজ্ঞপ্তিতে জমায়েতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত সামাজিক- সাংস্কৃতিক- বিনোদনমূলক ও শিক্ষামূলক জমায়েত এই সময় নিষিদ্ধ করা হয়েছে।
বিজয় মিছিল বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে তা কঠোরভাবে মানার কথা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিন বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কোনও ভাবে এই বিজ্ঞপ্তি অমান্য করা হলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে কড়া শাস্তির মুখে পড়তে হবে নাগরিকদের।



