খবর লাইভ : আগামী ২ মে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন বা তার পরে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ কোভিডের সংক্রমণ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের তিরষ্কারের পর এমনই তৎপরতা নিল কমিশন৷
২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নানা ধাপে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন সম্পাদিত হয়েছে ৷ বাংলায় এখনও বাকি এক দফা ৷ আগামী ২ মে এই পাঁচ রাজ্যেরই ভোটগণনা ৷ ফল ঘোষণার পর বিজয়ী দলের জমায়েত করা বা মিছিল করার চল রয়েছে৷ আর তাতেই কোভিডের সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে৷ সেই কারণে ফলঘোষণার দিন বা তার পরে যাবতীয় বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, ২ মে ফল ঘোষণার দিন বিজয়ী প্রার্থী যখন জয়ের সার্টিফিকেট নিতে যাবেন, তখন তাঁর সঙ্গে দুজনের বেশি লোক থাকতে পারবেন না৷ আর যাবতীয় বিজয় মিছিল নিষিদ্ধ থাকছে। গত সপ্তাহে বাংলায় ভোটের মাঝে সব দলের নির্বাচনী প্রচার, জনসভা, রোড শো, পদযাত্রা ও গাড়ি বা বাইক নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়-বাড়ন্তের জন্য গতকাল নির্বাচন কমিশনকে দায়ী করে তীব্র ভর্ত্সনা করে মাদ্রাজ হাইকোর্ট ৷ কোনও রাখঢাক না করে আদালত বলে, গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল না মেনে চলা প্রচার বন্ধ না করে, কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে ৷ এজন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত ৷ প্রয়োজনে ২ মে গণনা বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয় আদালত ৷ মাদ্রাজ হাইকোর্টের এই তীব্র কটাক্ষের পর আজ কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন৷



