খবর লাইভ : জাতীয় নিরাপত্তাকে ঘেঁটে ঘ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও চিনের সঙ্গে বৈঠকগুলি ‘সময় নষ্ট’ ছাড়া আর কিছু নয় বলে সোমবার তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। পাশাপাশি তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, গোগরা-হট স্প্রিং, দেসপাং দখল করেছে চিন যা ভারতের কূটনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য বিপদ। ট্যুইটে রাহুল বলেছেন, ‘আমাদের দেশ আরও ভাল কিছু দাবি করে।’
পূর্ব লাদাখ, হট স্প্রিং, গোগরা ও দেসপাং থেকে সেনা সরাতে চিন অস্বীকার করার পরই এমন মন্তব্য করেছেন রাহুল। রবিবার কংগ্রেস কেন্দ্র সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে, চিনের সঙ্গে এতবার বৈঠকের পরেও কেন কোনও ফল পাওয়া গেল না। কংগ্রেসের প্রবীণ নেতা অজয় মাকেন এই বিষয়ে সরকারকে স্বচ্ছ হওয়ার দাবি তুলেছেন। এমাসের শুরুতে দুই দেশের কয়েক দফার সামরিক বৈঠকের পরেও কোনও সমাধান চোখে পড়ছে না। ভারতীয় সেনা এক বিবৃতিতে বলেছিল, গোগরা, হট স্প্রিং, দেসপাং ও পূর্ব লাদাখ থেকে দুই পক্ষই সেনা প্রত্যাহার করবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং যৌথভাবে পরিস্থিতি শান্ত রাখতে সম্মতও হয়েছে। কিন্তু রাহুল গান্ধি এই বৈঠকগুলিকে ‘সময় নষ্ট’ বলেছেন।




