খবর লাইভ : প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হিংসার ঘটনা ধৃত অভিনেতা দীপ সিধুর জামিন। দিল্লি পুলিশের FIR এ কিছু ভুলভ্রান্তি থাকায়, এই জামিন দেওয়া হয় তাঁকে। লালকেল্লা হিংসার ঘটনার পর প্রায় আড়াই মাস বাদে জামিন পেলেন তিনি। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়েছে।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লা তে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে গায়ক-অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে। তারপর থেকেই গা-ঢাকা দেন তিনি। শেষমেষ ৯ ফেব্রুয়ারি হরিয়ানার কারনল থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অবশেষে এদিন জামিন পেলেন তিনি। তবে তাঁকে তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার ও নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে এই মামলার শুনানিতে দীপ সিধুর আইনজীবী জানিয়েছেন, তিনি যে কৃষকদের লালকেল্লায় নিয়ে গিয়েছিলেন এবং আন্দোলন করেছিলেন এমন কোনও প্রমান নেই। আন্দোলনের ডাক সম্পূর্ণরূপে কৃষকদের। ২৬ তারিখ অশান্তির ঘটনায় তিনি উপস্থিত ছিলেন না। বিশৃঙ্খলা শুরুর আগেই তিনি চলে এসেছিলেন। পুলিশকে সাহায্য করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই শুধুমাত্র আন্দোলনে উপস্থিত থাকার জন্য কাউকে শাস্তি দেওয়া যায় না বলে আইনজীবী দাবি জানিয়েছিলেন।




