খবর লাইভ : পশুখাদ্য মামলায় অবশেষে জামিন পেলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। শনিবার ঝড়খন্ড হাই কোর্ট তার জামিন মঞ্জুর করে।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্য এখন দিল্লির এইমসে চিকিৎসাধীন। ১৯ ফেব্রুয়ারি তাঁর জামিনের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে দেয় আদালত। ২০১৭ সাল থেকে জেলবন্দি তিনি। শারীরিক অসুস্থতার জন্য অবশ্য বেশির ভাগ সময় কেটেছে ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সে। এরপর জানুয়ারিতে এইমসে ভর্তি করা হয় তাঁকে। পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট চারটি মামলায় দোষী সাব্যস্ত হন লালু। আগের তিনটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। এবার দুমকা ট্রেজারি মামলায় জামিন পেলেন বর্ষিয়ান এই আরজেডি নেতা। দুমকা ট্রেজারি মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ১৩ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ওঠে।
অন্যদিকে লালুর অনুপস্থিতিতে দলের ব্যাটন নিজের হাতে তুলে নেন লালু পুত্র তেজস্বী যাদব। বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও ক্ষমতায় আসে বিজেপি- জেদিইউ জোট। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন নিতিশ কুমার।




