State

‘নন্দীগ্রামের মত এটাও গণহত্যা’, শীতলকুচির ঘটনায় প্রতিক্রিয়া মমতার

0
(0)

খবর লাইভ : কমিশনের নিষেধাজ্ঞা। তাই শীতলকুচিতে যেতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে সাংবাদিক বৈঠক থেকে ভিডিওকলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ১৪ এপ্রিল শীতলকুচি যাবেন। ওইদিনই মৃতের পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিকদের সামনে কমিশন ও বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা। বলেন, ‘মডেল কোড অফ কন্ডাক্ট এখন বিজেপি কোড অফ কন্ডাক্ট হয়ে গিয়েছে। শীতলকুচি যেতে চেয়েছিলাম। কিন্তু বাধা দেওয়া হল। আমাকে এভাবে আটকানো যাবেনা। ১৩ তারিখে উত্তরবঙ্গ আসবো। ১৪ তারিখ শীতলকুচি যাব। মৃতের পরিবারের সঙ্গে দেখা করব আমি।’ পাশাপাশি তাঁর অভিযোগ, বিজেপি ও কমিশন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অযোগ্য বলেও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো।
ভিডিওকলে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। তিনি বলেন, ‘এটা জেনোসাইড। গুলি করতে হলে কোমরের নিচে করতে হয়। প্রত্যেকটা গুলি গলায় বা বুকে লেগেছে। গুলি স্প্রে করেছে। ওরা মিষ্টিমুখে খুন করতে পারে। রসগোল্লা খেতে খেতেও।’ গতকাল কোচবিহারের এসপিও বাহিনীকে ক্লিনচিট দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেন, এসপিকে বিজেপি বসিয়েছে। তাই এমন বয়ান।
মৃতদের পরিবারকে তৃণমূল সুপ্রিমো বলেন, দলের তরফে ফান্ড তৈরি করা হবে। প্রত্যেকে তাতে ১০০ টাকা দেবেন। সেই টাকা তুলে দেওয়া হবে মৃত ও আহতদের পরিবারের হাতে। ভোট চলছে। এই মুহূর্তে তাই রাজ্য কোনও সাহায্য করতে পারে না। তাই রাজ্যের তরফে কমিশনের কাছে সাহায্যের অনুমতি চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *