খবর লাইভ : ক’দিন আগেই ‘নিজেদের মতে, নিজেদের গান’ গেয়েছিলেন টলিউডের এক ঝাঁক শিল্পী৷ তাঁদের বার্তা ছিল, ‘আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব।’ গানের মাধ্যমেই এর পাল্টা জবাব দিয়েছেন বিজেপির দুই প্রার্থী বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ সহ গেরুয়া শিবিরের একাংশ। তাঁদের মিউজিক ভিডিওতে বলা হল ‘তুমি অন্য কোথাও যেও না। তুমি এই দেশেতেই থাকো। এই গানেই ‘দিদি তুমি আমাদের ভালোবাসো না’ বলে একটি লাইন উল্লেখ করা হয়। এই মিউজিক ভিডিও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল৷
বুধবার বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে গানটি পোস্ট করে লেখা হয় ‘বড় যত্ন করে মিথ্যে বলে বিকৃত করে ইতিহাস, বৃথা স্বপ্ন দেখো বাঙালি আবার পড়বে তোমার সিলেবাস।’ গানে বাবুল-রুদ্রনীল ছাড়াও রয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য । বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেন, ‘এই মিউজিক ভিডিও নিয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করব। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই ভিডিও করা যায় না। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য এসব করা হয়েছে৷ বাকি পাঁচ দফা ভোটের আগে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি৷’
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘এই ভিডিয়োতে ৪৬-এর দাঙ্গা, বাংলাদেশের পটভূমির কিছু দৃশ্য এবং অতীতের কিছু খবর নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়ছে। আমরা বিষয়টি কমিশনে জানাবো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মরিচঝাঁপি, সাঁইবাড়ি বা বিজন সেতুর কথা উল্লেখ আছে। আছে কালিয়াচক ও ধূলাগড়ের ঘটনার কথা। খাগড়াগড় বিস্ফোরণের কথাও তুলে ধরা হয়েছে ওই ভিডিয়োতে। এভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। প্রতিকার চেয়ে তারা কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ভোটের আবহে রাজনৈতিক মতবাদ নিয়ে গান তৈরি করা স্বাভাবিক।



