খবর লাইভ : বাংলায় তিনটি জেলায় ৩১টি কেন্দ্রে চলছে ভোট। তৃতীয় দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। চারিদিক থেকে আসছে অশান্তির খবর। এবার তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুথে বুথে ঘোরার সময় হামলা করা হয় বলে অভিযোগ।
স্বপন দাশগুপ্তের ওই পোলিং এজেন্টের নাম অরিন্দম চক্রবর্তী। তাঁর বক্তব্য, স্বপন দাশগুপ্তের সঙ্গে তিনি একটি বুথে গিয়েছিলেন। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাঁকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর তিনি যখন বেরিয়ে যান, তখন তাঁর গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এরপর মারধর করা হয় এবং তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
তবে এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনার জেরে উত্তপ্ত তারকেশ্বর।



