খবর লাইভ : রাজনৈতিক উত্তেজনার আবহেই আজ মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফায় তিন জেলার ৩১ আসনে ভোটগ্রহণ। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার ৭টি ও হুগলির ৮টি আসনে ভোট নেওয়া হবে। মঙ্গলবারের ভোটে ৩১ আসনে মোট ২০৫ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে। তাঁদের মধ্যে ১৩ জন মহিলা। আজকে যাঁদের ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে তার মধ্যে যেমন রয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তেমনই রয়েছেন প্রবীণ সিপি্এম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, তৃণমূলের ডাকসাইটে নেতা নির্মল মাজির পাশাপাশি সদ্য রাজনীতিতে আসা টলি তারকা তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, বর্ষীয়ান কংগ্রেস নেতা অসিত মিত্রদের ভাগ্যও নির্ধারিত হবে এদিন।
তৃতীয দফায় যে ৩১ আসনে ভোট হচ্ছে তার সবগুলিতেই ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। হাওড়া ও হুগলিতে বুথের ১০০ মিটারের মধ্যে এবং দক্ষিণ ২৪ পরগনায় বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৩১ আসনের মধ্যে আটটি আসনই ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ওই আটটি আসন হল-রায়দিঘি, বারুইপুর পূর্ব, ফলতা, কুলতলি, উলুবেড়িয়া উত্তর, বাগনান, পুরশুড়া ও জাঙ্গিপাড়া। ভোট অবাধ ও শান্তিপূর্ণ হচ্ছে কিনা তার উপরে নজরদারি রাখতে মোট ৫ হাজার ৫০৭টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ২,৮৩১টি, হাওড়ায় ১,২২৫টি ও হুগলিতে ১,৪৫১টি বুথে ওয়েবকাস্টিং হবে। পাশাপাশি ৩২৬ ক্যামেরায় ভোটপ্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং হবে। ১, ৬৯৪টি বুথে সিসিটিভি ক্যামেরা থাকছে। মাইক্রো অবজারভার থাকছেন ৯১৪ জন।



