খবর লাইভ : ভোট চলাকালীনও রমরমা মাটি মাফিয়াদের। হাওড়া- হুগলি সীমানার পুরাশ, কানপুর, তারাজল এলাকায় দেখা যাচ্ছে রনের খালের মাটি অবৈধভাবে পাচার করছে একশ্রেণির মাটি মাফিয়া। তৃণমূলের এক শ্রেণির নেতাদের মদতেই এই বেআইনি কাজ রমরমিয়ে চলছে বলে এলাকাবাসীরা দাবি জানিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন।
সম্প্রতি বিশ্বব্যাঙ্কের আর্থিক অনুদানে বন্যাপ্রবণ রনের খাল সংস্কার করার কাজ শুরু হয়। এই খালের মাটি খালের দুই পাশে রাখার কথা বলা হলেও দেখা যাচ্ছে একশ্রেণির নেতাদের মদতে সেই মাটি অন্যত্র মোটা দামে পাচার করে দিচ্ছে মাফিয়ারা। যার ফলে খালের বাঁধ বর্ষাকালে ধসে যাওয়ার সম্ভাবনাও প্রবল হয়ে উঠেছে। সৌমেন মাইতি নামে এক মাটি মাফিয়া নেতাদের সাহায্যেই মাটি অন্যত্র পাচার করা হচ্ছে বলে স্বীকার করে নেয়। ভোটের সময় যখন কেন্দ্রীয় বাহিনী ছেয়ে গিয়েছে সেই সময় কিভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ল তা নিয়ে চিন্তিত এলাকাবাসীরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই মাটি মাফিয়াদের রমরমা। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।




