খবর লাইভ: হুগলির কোন্নগরে রয়েছে তাঁর ভদ্রাসন। সেখানে প্রায় 600 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে ঘোষাল পরিবারে। এই পরিবারেরই সদস্য প্রবীর ঘোষাল দীর্ঘদিন একটি বাংলা দৈনিকে সাংবাদিকতা করেছিলেন। এলাকায় ভূমিপুত্র হিসেবেই তাঁকে চেনেন সবাই। এহেন প্রবীরকে ‘বহিরাগত’ তকমা দিয়ে বিপাকে তৃণমূলের উত্তরপাড়ার অভিনেতা- প্রার্থী কাঞ্চন মল্লিক।
2016র বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রেই জয়ী হন প্রবীর। সেবার লড়েছিলেন তৃণমূলের টিকিটে। বিপুল ভোটে জয়ীও হন।
সম্প্রতি গেরুয়া খাতায় নাম লেখান প্রবীর। তিনিই এই কেন্দ্রের বিজেপির বাজি হতে পারেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর। এদিকে, উত্তরপাড়ায় তৃণমূলের তুরূপের তাস অভিনেতা কাঞ্চন। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই সোমবার উত্তরপাড়ায় হাজির হয়ে যান কাঞ্চন। কথা বলেন দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে। পরে জবাব দেন সাংবাদিকদের নানা প্রশ্নের। তখনই এক প্রশ্নের উত্তরে কাঞ্চন বলেন, “প্রবীরবাবু দল ছেড়ে গিয়েছেন। তাই তিনিই বহিরাগত”।
কাঞ্চনের এহেন উত্তরে বেজায় অস্বস্তিতে পড়েন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। যদিও এ ব্যাপারে রা কাড়েননি তাঁরা।
তবে এলাকার ভূমিপুত্রের গায়ে বহিরাগতের তকমা সেঁটে দেওয়ায় যারপরনাই ক্ষুব্ধ উত্তরপাড়ার বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, না জেনেই এসব মন্তব্য করছেন কাঞ্চন।
আর যাঁর সম্পর্কে এহেন মন্তব্য, এ ব্যাপারে সেই প্রবীরের প্রতিক্রিয়া, “পাগলের প্রলাপ”!



