খবর লাইভ : বিজেপির পাখির চোখ যেমন বাংলার মসনদ দখল করা, তেমনই শুভেন্দু অধিকারীর পাখির চোখ নন্দীগ্রাম জয়। তাই রবিবার ব্রিগেড মঞ্চেও সেই বক্তব্য উঠে এল শুভেন্দুর গলায়। ব্রিগেড মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘নন্দীগ্রামকে হাতের তালুর মত চিনি। মমতাকে হারাবই।’ একইসঙ্গে রাজ্যবাসীর প্রতি তাঁর আবেদন, ‘ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। বাংলাকে উদ্ধার করতে আজকে মিঠুন দা ছুটে এসেছেন। বাংলাকে বিজেপির হাতে তুলে দিন।’
ব্রিগেড মঞ্চ থেকে শুভেন্দু ফের কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনা টানেন। বলেন, ‘তৃণমূল ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে।’ আবার চিটফান্ড ইস্যুতে তৃণমূলের প্রতি তাঁর তোপ, ‘তিন কোটি মানুষের টাকা প্রতারিত হয়েছে চিটফান্ডে। এই তিনকোটি মানুষ বিজেপিকে ভোট দিন। আপনাদের অর্থ একমাত্র বিজেপিই ফিরিয়ে দিতে পারে।’ একইসঙ্গে মমতা-অভিষেককে একহাত নিয়ে শুভেন্দুর কটাক্ষ, ‘তৃণমূল আর রাজনৈতিক দল নয়। প্রাইভেট কোম্পানি, ওখানে চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানেজিং ডিরেক্টর তোলাবাজ ভাইপো।’




