খবর লাইভ : আমি জলঢোরা নই। আমি জাত গোখরো। রবিবার বিজেপিতে যোগ দিয়ে এই ভাষাতেই হুঙ্কার ছাড়লেন মিঠুন চক্রবর্তী। এদিন গেরুয়া সমর্থকদের উদ্দেশ্যে মিঠুন বলেন, ‘আমার নাম মিঠুন চক্রবর্তী। আমি যা বলি তা করে দেখাই।’ এদিন পুরোনো দিনের কথা স্মরণ করে মিঠুন বলেন, ‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মত। অন্ধ গলি থেকে দেশের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রিয় প্রধানমন্ত্রীর পাশে পৌঁছে যাওয়াটা সত্যিই স্বপ্নের মত।’ একইসঙ্গে তিনি বলেন, ‘বাংলায় থাকা সব মানুষই বাঙালি। যাঁরা এখানে বড়ো হয়েছেন, তাঁদের এখানকার সব জিনিসে অধিকার আছে। সেই অধিকার কেউ ছিনিয়ে নিতে চাইলে আমাদের মত কিছু মানুষ রুখে দাঁড়াবে।’ তাঁর ভাষণে ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’ যেমন জায়গা পেয়েছে, তেমনই ‘এক ছোবলে ছবি’-র মত ডায়ালগ জায়গা পেয়েছে। এদিন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মিঠুন বলেন, ‘সব হবে। এই দাদার ওপর ভরসা রাখুন। আমি কোনওদিন মুখ ফিরিয়ে চলে যাব না।’
এদিন অবশ্য তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক আক্রমণের পথে যাননি মিঠুন। তবে তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, এবারের নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে চলেছেন বলিউড সুপারস্টার।


