খবর লাইভ : ১১ মার্চ, শিবরাত্রির দিন নন্দীগ্রামে প্রার্থীপদের মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমনটাই খবর মিলেছে।
এর আগে নন্দীগ্রামে সভা করতে গিয়ে ওই কেন্দ্রের প্রার্থী হতে চান বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘোষণার পরই গোটা নন্দীগ্রাম জুড়ে নেত্রীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ১ এপ্রিল ভোট গ্রহণ পর্ব। ফলে তার আগেই মনোনয়নপত্র জমা দিতে যেতে হবে। জানা গিয়েছে, ১১ মার্চ তমলুকে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দিতে পারেন তৃণমূল নেত্রী। এদিকে ইতিমধ্যে পদ্ম শিবির নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দাঁড় করানোর ইঙ্গিত দিয়ে রেখেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি রেখেছেন, নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে অন্তত ৫০ হাজার ভোটে হারাবেন তিনি। অন্যদিকে বাম, কংগ্রেস কেউই নন্দীগ্রাম আসনে লড়তে চাইছে না। ওই আসনটি তারা ছেড়ে দিয়েছে আব্বাস সিদ্দিকির দলকে। ফলে জমজমাট হতে চলেছে নন্দীগ্রামের লড়াই।



