খবর লাইভ : বাংলায় আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটে থাকা নিয়ে কংগ্রেসের অন্দরেই চরম মতানৈক্য সৃষ্টি হয়েছে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ‘আইএসএফ দলের সঙ্গে কংগ্রেসের জোট আদতে গান্ধিবাদী ও নেহেরুবাদী ধর্মনিরপেক্ষতার মূল মতাদর্শের বিরোধী বার্তা দেয়। এই বিষয়টির ক্ষেত্রে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অনুমোদনের প্রয়োজন ছিল।’ একইসঙ্গে কংগ্রেস নেতা বলেন, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেসকে বাছাই করে এগিয়ে যেতে হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতির উপস্থিতি ও সমর্থন লজ্জাজনক ও বেদনাদায়ক। ওনার বিষয়টি স্পষ্ট করা উচিত।’
কংগ্রেসের এই বর্ষীয়ান নেতাকে পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ সভাপতি বলেন, ‘পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ জোটের নেতৃত্ব দিচ্ছে সিপিআইএম ও বাম। যার গুরুত্বপূর্ণ অংশ কংগ্রেস। আমরা বিজেপির সাম্প্রদায়িক ও বিভেদমূলক রাজনীতি ও একনায়কতন্ত্র শাসনের অবসান করতে বদ্ধপরিকর। কংগ্রেস নিজের আসনের পুরো ভাগ পেয়েছে। নতুন গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিজেদের কোটা থেকে আসন দিচ্ছে বামেরা। সিপিএম নেতৃত্বাধীন ফ্রন্টের সিদ্ধান্তকে যে সাম্প্রদায়িক বলছেন আপনি, তা আদতে বিজেপির মেরুকরণকে প্রশস্ত করছে।’



