খবর লাইভ : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তাল কলকাতা। শুক্রবার হিন্দু সংহতি মঞ্চের ডাকে বেকবাগান মোড়ে অবস্থান-বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে একের পর এক হিন্দু নিধনের ঘটনার প্রতিবাদে রাজপথে নামে সংগঠনের কর্মী-সমর্থকেরা।
বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দেওয়া। তবে মিছিল শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়ে হিন্দু সংহতির কর্মীরা। বেকবাগান মোড়ে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ‘পুলিশ মিছিল আটকাতে পারে, কিন্তু ডেপুটেশন জমা দেবই’, এই দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেকবাগান মোড় ও বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বর কার্যত দুর্গে পরিণত করা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকাজুড়ে। কলকাতা পুলিশের তরফে স্পষ্ট করা হয়, ২৩ ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। শেষ পর্যন্ত পুলিশি প্রহরায় হিন্দু সংহতি মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে পৌঁছে ডেপুটেশন জমা দেয়।




