খবর লাইভ : ফের বাড়ছে করোনার প্রকোপ। তাই বিধানসভা ভোটের মুখে তামিলনাড়ুতে ফের লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল লকডাউনের সময়সীমা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুতে অফিস, দোকান, ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল সংস্থাগুলি আলাদা আলাদা সময়ে কম সংখ্যক কর্মীদের নিয়ে কাজ করবে। রাজ্যের মানুষকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করা হয়েছে সরকারের তরফে। রাজ্য সরকারের তরফে ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তি ও গুরুতর রোগীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গর্ভবতী মহিলা ও ১০ বছরের কম বয়সের নাবালকদের বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশজুড়ে করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এর মধ্যে তামিলনাড়ুতে ভোটের মধ্যে লকডাউনের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ভোট হবে আগামী ৬ এপ্রিল।



