খবর লাইভ : প্যারিস অলিম্পিক্সের মূল পর্ব শুরু হতে এখনও এক দিন বাকি। তার আগে বুধবার ফুটবল ম্যাচ দিয়ে শুরু হয়েছিল অলিম্পিক্সের খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো এবং সদ্য কোপা জয়ী আর্জেন্টিনা। তবে বিশ্বের ‘অদ্ভুত ফুটবল ম্যাচ’ হিসেবে নাম লিখিয়ে নিয়েছে এই ম্যাচ। ড্র করেও শেষে ম্যাচ হারতে হয়েছে মেসির দলকে।
কোপা জয়ী দল প্যারিস অলিম্পিক্সে প্রথম ম্যাচেই হেরে গেল মরক্কোর বিরুদ্ধে। সেই ফুটবল ম্যাচ ঘিরে তৈরি হল নানা নাটক। দু’ঘণ্টা ধরে বন্ধ থাকল ম্যাচ। খেলা শুরু হতেই আর্জেন্টিনার গোল বাতিল। মরক্কোর বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল লিয়োনেল মেসির দেশ।
তবে ৬৮ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন জিউলিয়ানো সিমিয়নে। তার পর থেকে ৯০ মিনিট পর্যন্ত চেষ্টা করলেও গোলের জালে আর বল জড়াতে পারেননি লা অ্যালবিসলেস্তেরা। কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যান। সেই সিদ্ধান্তেই ক্ষিপ্ত হয়ে পড়েন মরক্কো সমর্থকরা। কারণ ২-১ গোলে এগিয়ে ছিল তাঁদের দল। নির্ধারিত সময়ের শেষে রেফারি বাঁশি বাজালেই তাঁদের জয় নিশ্চিত। কিন্তু খেলা শেষ তো দূর, ১৬ মিনিট পর্যন্ত সংযুক্ত সময়ে গড়ায় উত্তেজক ম্যাচ।
মরক্কোর বিরুদ্ধে ৬৭ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সদ্য কোপা জয়ী দেশের বিরুদ্ধে তখন জয়ের স্বপ্ন দেখছিলেন মরক্কোর সমর্থকেরা। ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। নির্ধারিত সময়ে এগিয়ে ছিল মরক্কো। কিন্তু ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। সেই সময়ের শেষ মিনিটে গোল করেন মেদিনা। তাঁর করা গোলেই সমতা ফেরায় আর্জেন্টিনা। তার পরেই শুরু বোতলবৃষ্টি।
ম্যাচ বন্ধ হয়ে যায়। রেফারি শেষ বাঁশি বাজানোর আগেই মাঠে শুরু হয়ে যায় বোতলবৃষ্টি। ফুটবলারদের দিকে লক্ষ্য করে উড়ে এল আতশবাজি। চমকে ওঠেন আর্জেন্টিনার ফুটবলারেরা। কেউ আহত হয়েছেন কি না এখনও জানা যায়নি। মাঠে ঢুকে পড়েন মরক্কোর সমর্থকেরা। তখন ম্যাচ শেষই করা যায়নি।
দু’ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা। কিন্তু তখন মেদিনার গোলটি বাতিল করে দেন রেফারি। ভিএআর-এর মাধ্যমে দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন রেফারি। খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যে শেষ বাঁশি বাজিয়ে দেন তিনি। ফলে হেরে যায় আর্জেন্টিনা।




