খবর লাইভ : নিট ইউজি ২০২৪ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় একের পর এক অভিযোগ উঠছে। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠে আসছে। এরই মাঝে এনটিএ প্রকাশ করেছে এলাকা ভিত্তিক নিট ২০২৪ এর ফলাফল। সেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের সিকরের ৫০ টির মধ্যে ৩৭ টি সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষ নম্বর প্রাপ্তির তালিকায়। কিছু নির্দিষ্ট শহর বা এলাকার কয়েকটি সেন্টারই পরীক্ষায় টপ স্কোরিং কেন্দ্র হিসাবে উঠে এসেছে।
রাজস্থানে চলতি বছরের নিট পরীক্ষায় মোট ২৭, ২১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৫০ স্কোর করেছেন ২,০৩৭ জন। এদিকে, দেশের মোট ২৩, ৩৩, ১৬২ জন নিট পরীক্ষার্থীর ফলাফলের তথ্য এনটিএ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, যে ৫০ টি পরীক্ষা কেন্দ্রে সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীরা সংখ্যা রয়েছে, তাদের মধ্যে ৩৭ টি রাজস্থানের সিকরের। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে। এই কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি শতাংশ পরীক্ষার্থী ৬৫০ স্কোর করেছেন। উল্লেখ্য, ৬৫০ যদি স্কোর থাকে, তাহলে সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ থাকে। বিষয়টি নিয়ে উঠছে সিবিআই তদন্তের দাবি।
নিটের বিক্ষুব্ধ পরীক্ষার্থীর বাবা কৃষণ শর্মা ইতিমধ্যেই নিট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন ‘সিবিআইয়ের উচিত বিষয়টি খতিয়ে দেখা।’ তিনি বলছেন, ‘খুব বেশি শতাংশের হারে টপ নম্বর পাওয়া পড়ুয়ারা সিকরের।’ উল্লেখ্য, ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত নানান অভিযোগের। বিহার, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে নিটের পরীক্ষার হাই স্কোরিং ক্লাস্টার সামনে এসেছে।




