খবর লাইভ : একটি রাস্তা আর তার পাশে শুধুই দোকান আর দোকান। এমন রাস্তা রাজ্যের অনেক জায়গায় রয়েছে। আর সেই সকল রাস্তার ধারে থাকা দোকানগুলিতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। কিন্তু কোথাও কেবলমাত্র খাবারের দোকান সেইভাবে নেই বললেই চলে। তবে এবার রাজ্য পেতে চলেছে এইরকমই একটি উপহার, যেখানে আস্ত লেন জুড়ে শুধুই পাওয়া যাবে খাবার আর খাবার।
এখনো পর্যন্ত রাজ্যে কোথাও এইরকম ফুড লেন না থাকলেও তা এবার তৈরি হতে চলেছে। এমন লেন তৈরি হওয়ার পর আশা করা হচ্ছে, ওই লেনে যারা আসবেন তারা নিজেকে বিদেশের কোন জায়গায় নিয়ে এসেছেন বলেই মনে করবেন। এমন ফুড লেন তৈরি হতে চলেছে পুরোপুরিভাবে প্রশাসনিক উদ্যোগে।
এখন প্রশ্ন হল কোথায় এমন ফুড লেন তৈরি করছে কোন পৌরসভা? রাজ্যে প্রথম এমন ফুড লেন তৈরি করার বিষয়ে গত পুর নিগমের বাজেটেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত করার পদক্ষেপ গ্রহণ করা হয়। এসবের পরিপ্রেক্ষিতেই যা জানা যাচ্ছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসেই এমন ফুড লেন তৈরি হয়ে যাবে শিলিগুড়িতে। শিলিগুড়ি শহরকে সাজাতে এবং শহর ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের মুখে তৃপ্তির খাবার তুলে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
শিলিগুড়িতে এমন ফুড লেন তৈরি করা হচ্ছে শিলিগুড়ির এস এফ রোডে। যেখানে ইতিমধ্যেই ২০টি স্টল বসানো হয়েছে, শুধু স্টল বসানো নয় পাশাপাশি ওই সকল স্টলগুলি রং করাও হয়ে গিয়েছে। এছাড়াও স্টলগুলিতে বিভিন্ন ধরনের ছবি আঁকা হচ্ছে যাতে করে সেগুলির সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পায়। পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, এমন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আবার এই ফুড লেনের দোকানগুলি থেকে যারা খাবার কিনবেন তাদের বসার জন্য জায়গার পাশাপাশি সবুজায়নের ব্যবস্থা করা হয়েছে। এই সকল স্টলগুলি ব্যবসায়ীদের কিভাবে দেওয়া হবে তা নিয়ে পৌর নিগমের তরফ থেকে একটি গাইডলাইন তৈরি করা হবে এবং সেই গাইডলাইন অনুযায়ী ব্যবসায়ীদের হাতে স্টল তুলে দেওয়া হবে। এক জায়গায় একসঙ্গে এত খাবারের স্টল এবং সেই সকল স্টলে বিভিন্ন ধরনের খাবারের সরবরাহ থাকার পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফুড লেন জনপ্রিয়তা অর্জন করবে।




