Special News Special Reports State

ফের কাঠগড়ায় মন্ত্রী ঘনিষ্ঠ ঠিকাদার জাহাঙ্গীর ও প্রধান, চাকরিপ্রার্থী আইসিডিএস কর্মীদের মামলা তুলতে হুমকির অভিযোগ

0
(0)

খবর লাইভ : একের পর এক দুর্নীতি এবং বেআইনি কাজ করে গেলেও বহাল তবিয়তেই রয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ঠিকাদার তৃণমূল নেতা জাহাঙ্গীর মণ্ডল ও তাঁর সহযোগীরা। কিছুদিন আগেই জাহাঙ্গীর ও তাঁর সহযোগী হুগলির জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পন্ডিত এবং রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর মণ্ডলের বিরুদ্ধে সাংবাদিক পীযূষ চক্রবর্তীর পরিবারকে সামাজিক বয়কটের অভিযোগ উঠেছিল। বেআইনিভাবে পীযূষের ভিটে দখল করে রাস্তা করতে চেয়েছিল জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা। যার বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেন পীযূষ। সেই মামলা প্রত্যাহারের জন্য পীযূষের পরিবারকে সামাজিক বয়কটের সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা। রাধানগর গ্রাম পঞ্চায়েতে ডেকে ট্রাক্টর মালিক ও যাদের কাছ থেকে চাষের জল নেন পীযূষের পরিবার সেই মিনি ডিপ টিউবওয়েল মালিকদের ডেকে হুমকি দিয়ে বলা হয় চাষের জল ও ট্রাক্টর না দেওয়ার জন্য। এবার ফের কাঠগড়ায় জাহাঙ্গীর মণ্ডল ও রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পন্ডিত। পীযূষের মতই এবার আইসিডিএস চাকরিপ্রার্থীদের মামলা তোলার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল মন্ত্রী স্নেহাশীষ ঘনিষ্ঠ জাহাঙ্গীর ও বিশ্বজিতের বিরুদ্ধে।

কিছুদিন আগেই জাঙ্গিপাড়ার একটি প্রশাসনিক অফিসে ডেকে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির এক সদস্য রাধানগর অঞ্চলের তৃণমূল মহিলা সেলের সভানেত্রী ঝুমা চট্টোপাধ্যায় ও বাকি চার আইসিডিএস চাকরিপ্রার্থীকে চরম অপমান করেন বলে অভিযোগ। লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয় ২০০৯-২০১০ প্যানেলে নাম থাকা ওই চাকরিপ্রার্থীদের। প্যানেলে নাম থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ায় ওই চাকরিপ্রার্থীরা আদালতে মামলা করেন। সেই মামলা তুলতেই তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঝুমা চট্টোপাধ্যায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যও। মামলা না তোলায় তাঁকে অঞ্চল তৃণমূলের মহিলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জাহাঙ্গীর ও বিশ্বজিৎ ফোন করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন বলে অভিযোগ। সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যও হুমকি দেওয়া হয়। ঝুমার পাশাপাশি বাকি চার আইসিডিএস চাকরিপ্রার্থীকেও চরমভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার এক মহিলা তৃণমূল কর্মী রীতিমতো কান্নার সুরে জানান, সন্দেশখালির শাহজাহানের থেকে কোনও অংশে কম নয় জাহাঙ্গীর ও তাঁর শাগরেদরা। মহিলা কর্মীদের হেনস্থার পাশাপাশি কিছুদিন আগেই পঞ্চায়েতের উপপ্রধানকেও অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। দিনের পর দিন এভাবে অন্যায় করলেও কোনও কিছু হচ্ছে না। প্রতিরোধ গড়ে উঠলে তখন পরিস্থিতি সামলাতে পারবে তো!

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *