খবর লাইভ : এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে গুলিয়ে ফেললেন আমেরিকার অশীতিপর প্রেসিডেন্ট। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্টও বলে বসলেন।
আমেরিকায় নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক চলছে। বৃহস্পতিবার সেই বৈঠকেই বক্তব্য রাখতে ওঠেন বাইডেন। তাঁর পরের বক্তা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বাইডেনকে বলেন, আমি এ বার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের প্রেসিডেন্টকে। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছি।নেটোর বৈঠকে পুতিন এলেন কোথা থেকে, তা ভেবেই অবাক হয়ে যান বৈঠকে উপস্থিত অতিথিরা। অপ্রস্তুত দেখায় জেলেনস্কিকেও।
এই সুযোগে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্প প্রতিদ্বন্দ্বী বাইডেনকে খোঁচা দিতে ছাড়েননি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “খুব ভাল কাজ, জো!” সম্প্রতি ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সে দিন বাইডেনের কাঁপা-কাঁপা গলা, বক্তব্যের খেই হারিয়ে ফেলা নিয়ে চর্চা শুরু হয় ডেমোক্র্যাটদের মধ্যেই।




