খবর লাইভ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ওএমআর সিট খুঁজতে আরও সক্রিয় ভূমিকায় সিবিআই ৷ জানা গিয়েছে, এবার ওএমআর শিট দুর্নীতি-কাণ্ডে সার্ভার সহ ইলেকট্রনিক্স ডিভাইস ফরেন্সিক এক্সামিনেশন জন্য পাঠাতে চলেছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সির চাঞ্চল্যকর দাবি, সার্ভার ও ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বেশ কিছু ডেটা ডিলিটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে চলেছে। সেভাবেই ডেটা পুনঃউদ্ধারের জন্য চেষ্টা করা হবে। সাইবার এক্সপার্ট যাঁরা গিয়েছিলেন, তাঁরা খতিয়ে দেখে অনুমান করছেন, প্রমাণ নষ্ট করার জন্য সার্ভার থেকে ডেটা ডিলিট হয়ে থাকতে পারে। তাই তা ফরেন্সিক এক্সামিনেশনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
টানা দু’দিনের পর ফের এস বসু রায় কোম্পানিতে তল্লাশি করে সিবিআইয়ের প্রতিনিধি দল। ওমএমআর সংক্রান্ত সার্ভার ও ইলেকট্রনিক্স ডিভাইসের তথ্য পেতে সিবিআই ফের এই তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। এস বসু রায় কোম্পানি থেকে সার্ভার সহ যে সব ডিভাইস পাওয়া গিয়েছে, তা খতিয়ে দেখছে সিবিআই৷ সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই তাঁদের আশঙ্কা, সার্ভার থেকে ডেটা ডিলিট করা হয়ে থাকতে পারে। সেই ডিলিট করা তথ্যই পেতে মরিয়া সিবিআই।এদিন সিবিআইয়ের একটি টিম দক্ষিণ কলকাতায় এস বসু রায় কোম্পানিতে আসে। সেখানে তল্লাশি চলে বেশ কিছুক্ষণ। সিবিআইয়ের অনুমান, সার্ভারগুলি থেকে বেশ কিছু তথ্য ডিলিট করা হয়েছে। এখনও পর্যন্ত দুটি সার্ভার উদ্ধার করা হলেও আরও সার্ভার রয়েছে বলে দাবি সিবিআইয়ের।সিবিআই সূত্রে খবর, এই দফা সাইবার এক্সপার্টদের নিয়ে তল্লাশি চালানো হয়। যেসব সার্ভার রয়েছে এখনও সেগুলো পরীক্ষা করে দেখা হয়। সার্ভারগুলিতে কী কী ডেটা বা তথ্য ডিলিট হয়েছে? কারা ডিলিট করল? কেন বা কী উদ্দেশে ডিলিট করা হল? এই সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে তৎপর সিবিআই।




