খবর লাইভ : শনিবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার ভারত। এখন দেশের ফেরার পালা। রবিবারই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিরাট-বুমরা-সূর্যদের। ভারতীয় তারকাদের অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি সমর্থকরাও। কিন্তু ঝড় হারিকেনের দাপটে এখনও বার্বাডোজেই আটকে কোচ দ্রাবিড়-সহ গোটা দল। দুর্যোগের জেরে আপতত স্থানীয় বিমানবন্দর বন্ধ। এখন কীভাবে দেশে ফিরবে ভারতীয় দল?
বার্বাডোজ় থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাইয়ে। তার পর মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিত বিমান। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে কবে রোহিতেরা রওনা হবেন, তা জানা যায়নি।
ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই মনে করা হচ্ছে।
১৩ বছর পর শাপমুক্তি হয়েছে। ফের ভুবনজয়ী হয়েছে রোহিত শর্মার ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টির সেরার খেতাব ছিনিয়ে নিয়েছে বিরাট-বুমরা-সূর্যরা। রাতভর উৎসবের পর সকালে দেশের ফেরার জন্য তৈরি হয়েছিলেন ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জনের দলটি। যদিও দুর্যোগে পিছিয়ে গিয়েছে ফেরা।




