খবর লাইভ : জার্মানি, স্পেনের মতো জয় দিয়ে ইউরো কাপ শুরু করল ট্রফির দাবিদার ইংল্যান্ডও। কাল রাতে জুড বেলিংহ্যামের একমাত্র গোলে সার্বিয়াকে ১-০ হারাল তারা। তিন পয়েন্ট ঘরে এলেও ইংল্যান্ডকে চিন্তায় রাখবে গোল নষ্টের প্রবণতা। গোটা ম্যাচে হ্যারি কেনরা একাধিক সুযোগ নষ্ট করেছেন। পাশাপাশি, সার্বিয়াকেও অনেক বার গোল করার সুযোগ দিয়েছেন।ইংল্যান্ড প্রথম থেকেই বল পায়ে রেখেছিল। বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন ইংরেজ খেলোয়াড়েরা। সার্বিয়া তখনও নিজেদের গুছিয়ে নিতে পারেনি। তার আগে গোল পেয়ে যায় ইংল্যান্ড।
১৩ মিনিটে ডান দিক থেকে আক্রমণে উঠেছিলেন বুকায়ো সাকা। তার ক্রস সার্বিয়ার এক খেলোয়াড়ের গায়ে লেগে কিছুটা উঠে যায়। সামনে থাকা হ্যারি কেন সেই বলে মাথা ছোঁয়াতে পারেননি। কিন্তু পিছন থেকে কার্যত উড়ে এসে গোলার মতো হেডে বল জালে জড়িয়ে দেন বেলিংহ্যাম।
এ বছর রিয়াল মাদ্রিদের হয়ে নজর কেড়েছেন বেলিংহ্যাম। রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এ বারের ইউরোয় ইংল্যান্ডের প্রথম গোলও এল তার মাথা থেকেই। নিখুঁত পজিশনে থাকার কারণেই গোল করেন তিনি।রবিবার রাতে জার্মানিতে এবারের ইউরোর আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড ও সার্বিয়া। ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। বুকায়ো সাকার বাড়ানো বলে গোল করেন বেলিংহ্যাম। ম্যাচের বাকি সময়ে সেই লিড ধরে রাখে ইংল্যান্ড, এবং শেষ পর্যন্ত ১-০ ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড।তবে এই গোলের পরেই কেমন যেন বিবর্ণ হয়ে যায় ইংল্যান্ডের ফুটবল। পুরো ম্যাচে গোলের জন্য স্রেফ পাঁচটি শট নিতে পারে তারা, যারমধ্যে আবার তিনটি শট লক্ষ্যে রাখতে পারে গ্যারেথ সাউথগেটের ছেলেরা। তবে শেষ পর্যন্ত স্বস্তি ফেরে ইংল্যান্ড শিবিরে।
গোল পেলেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের খেলা ছন্নছাড়া হয়ে যায়। মাঝমাঠ দখল নেওয়ার চেষ্টা করছিল ইংল্যান্ড। তবে একের পর এক মিস্ পাসে কার্যসিদ্ধি হচ্ছিল না। সেই সুযোগ নিতে থাকে সার্বিয়া। একাধিক বার আক্রমণে উঠে আসে তারা। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে স্বস্তিতে রাখেনি সার্বিয়া। বার বার ইংরেজ রক্ষণ ভেঙে ঢুকে পড়তে থাকে তারা। ইংল্যান্ড ফুটবলারদের মধ্যেও পরিকল্পনার অভাব দেখা যাচ্ছিল। এ দিনের খেলায় ইংল্যান্ডের মধ্যে জমাটভাবটা দেখা যায়নি। ৫৯ মিনিটে পেনাল্টির আবেদন করে সার্বিয়া। একটি আক্রমণের সময় মিত্রোভিচকে বক্সের মধ্যে পিছন থেকে ধাক্কা মেরেছিলেন কিয়েরান ট্রিপিয়ার। তবে রেফারি সার্বিয়ার আবেদনে কর্ণপাত করেননি।




