খবর লাইভ : ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। সেমিফাইনালে তিনি হারালেন ইয়ানিক সিনারকে। পুরুষদের টেনিসে বিশ্বের অন্যতম সেরা দুই তরুণের লড়াই চলল ৪ ঘণ্টা ০৯ মিনিট। শেষ পর্যন্ত ২-৬, ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন আলকারাজ।
আরও পড়ুনঃ আর কোনও দিন ভোটের ভবিষ্যদ্বাণী করবেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর!
খেলার ফল থেকেই পরিষ্কার প্রতিপক্ষকে সহজে ছেড়ে দেননি কেউই। তবে প্রথম সার্ভিস নিয়ে সমস্যায় পড়লেন দু’জনেই। ফিলিপ সাঁতিয়ের কোর্টে পাল্লা দিয়ে ডাবল ফল্টও করলেন সিনার এবং আলকারাজ়। গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস সেমিফাইনালের মতো ম্যাচে ১৫টি ডাবল ফল্ট কিছুটা দৃষ্টিকটূই দেখাল।
সেমিফাইনালে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন সিনার। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ৬-২ ব্যবধানে জিতে নেন প্রথম সেট। তৃতীয় বাছাই আলকারাজ়কে কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল সে সময়। দু’বার আলকারাজ়ের সার্ভিস ভাঙেন সিনার। প্রথম সেটের পর মনে হচ্ছিল সঠিক খেলোয়াড়ই ফরাসি ওপেনের পর ক্রমতালিকায় শীর্ষে উঠে আসবেন।




