খবর লাইভ : এবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে পরতে পরতে চমক। বিজেপির সব দম্ভ ধুলিসাৎ করে এগিয়ে আসছে ইন্ডিয়া। চারশো পারের স্লোগান স্তব্ধ। এনডিএ- জোট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০০ পেরোয়নি। এই পরিস্থিতিতে আরেক চমক দেশের একমাত্র লালদুর্গ কেরালায়। সেখানে খাতা খুলতে পারে বিজেপি। আর বামেদের অনেক পিছনে ফেলে এগিয়ে কংগ্রেস। মাত্র দুটি আসনে এগিয়ে সিপিআইএম। আর কংগ্রেস এগিয়ে ১৩টি সিটে। বাংলায় এবারও বোধহয় খাতা খুলতে পারছে না বামফ্রন্ট। ত্রিপুরাতেও বাম এখনও শূন্য।
আরও পড়ুনঃ ফলাফল প্রকাশ হতেই এনডিএর ঘাড়ে নিঃশ্বাস ইন্ডিয়ার
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইতিহাসে প্রথমবার কেরালায় খাতা খুলতে পারে বিজেপি। চমকে দিয়ে এই রাজ্যে দুপুর আড়াইটে পর্যন্ত ১ আসনে এগিয়ে বিজেপি। ২ আসনে এগিয়ে শাসকদল সিপিআইএম। কংগ্রেস এগিয়ে ১৩টি সিটে। দুটি আসনে এগিয়ে মুসলিম লিগ। সারা দেশে জোট করলেও কেরালা একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়েছে বাম-কংগ্রেস। বিরোধীরা একটাই কথা বলেছে, দেশে দোস্তি, আর কেরালায় কুস্তি! এখন ভোটেও সেই দোলাচলের ছাপ কি না তা ফলের কাঁটাছেঁড়ার পরেই বোঝা যাবে।
তবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাম এখনও শূন্য অবস্থাতেই আছে। বাংলায় সকালের দিকে বাম একটা আসনে এগিয়ে থাকলেও পরে শূন্য হয়ে গিয়েছে। কেরালায় বিজেপি-র হাওয়ার সময়ও ২০১৯-এও জেতেনি। কিন্তু সেই পরিস্থিতির বদল হয়েছে। রাজনৈতিক মহলের মতে, তাহলে আর সিপিআইএমের উপর আস্থা রাখতে পারছে না কেরালার মানুষ। এখন শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই ফল দাঁড়ায়, সেটাই দেখার।



