Special News Special Reports State

কেন্দ্রের কাছে তৃণমূলের দাবি জানালেন রাজ্যপাল, চিঠির পরেই কৃতজ্ঞতা প্রকাশ অভিষেকের

0
(0)

খবর লাইভ : সোমবার রাতে দিল্লিতে পৌঁছে বাংলার ১০০ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে তৃণমূলের দাবি-সনদ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানালেন, “আমার কাছে ৯ অক্টোবর জমা দেওয়া স্মারকলিপি কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হয়েছে।” রাজ্যপালের তরফে এই সংক্রান্ত চিঠি পাওয়ার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের গরিব মানুষগুলির ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আদায়ে তৃণমূল সাংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে আন্দোলন। সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে বৈঠক হয় রাজ্যপালের। তার পরেই সন্ধ্যার বিমানে তিনি রওনা দেন রাজধানীর উদ্দেশে। সোমবার রাতে দিল্লি পৌঁছনোর পর কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হয় ১০০ দিনের বকেয়া সংক্রান্ত তৃণমূলের দাবি। রাজ্যপালের এই উদ্যোগ ও চিঠি পাওয়ার পর মঙ্গলবার বোসের প্রতি কৃতজ্ঞতা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের চিঠি তুলে ধরে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বাংলার জনগণের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সমস্যার বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরার জন্য। বিশেষ করে ১০০ দিনের কাজে ২১ লক্ষের বেশি মানুষের বকেয়া টাকা আদায়ে রাজ্যপালের দ্রুত হস্তক্ষেপের জন্য।”

সোমবার বিকেল ৪টেয় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। এই বৈঠকে রাজ্যপালের আশ্বাসে ধর্না অবস্থান তুলে নিয়েছে তৃণমূল। তবে ধর্না কর্মসূচি তোলার আগে অভিষেক বলেন, ‘‘রাজ্যপাল কথা দিয়েছেন, দু’সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন। আমি যত দূর শুনেছি, ইতিমধ্যে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। আশা করছি, এর বিহিত উনি করবেন।’’ সঙ্গে জানিয়ে দেন, ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের ‘সদুত্তর’ না পেলে ১ নভেম্বর থেকে ফের কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, ‘‘১ নভেম্বর যখন রাস্তায় নামব, অভিষেকের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ৫০ হাজার মানুষ হাঁটবেন, সামনে মমতা।’’ এই সাক্ষাতের পর সোমবার সন্ধ্যার বিমানে তিনি রওনা দেন রাজধানীর উদ্দেশে। রাতে দিল্লি পৌঁছে কেন্দ্রের কাছে তুলে দেন তৃণমূলের দাবি-সনদ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। মনে করা হচ্ছে রাজ্যের দাবি দাওয়া নিয়েই অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তাঁর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *