খবর লাইভ : প্রথম বার সাংগঠনিক দায়িত্ব পেলেন অভিনেতা তথা খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে।এ ছাড়া আরও একাধিক সাংগঠনিক বদল করা হয়েছে বঙ্গ বিজেপির স্তরবিন্যাসে।
আসলে গেরুয়া শিবিরের যুব সংগঠন যুব মোর্চার মুখ করে পরিষদীয় রাজনীতি থেকে তুলে আনা হচ্ছে অভিনেতা হিরণকে। সে জন্য যুব মোর্চার সাংগঠনিক গঠনতন্ত্রেও পরিবর্তন করা হয়েছে। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ।পেশায় চিকিৎসক ইন্দ্রনীল কসবা কেন্দ্র থেকে বিধানসভা ভোটেও লড়েছিলেন। কিন্তু যুব সংগঠনের মুখ হয়ে ওঠার জন্য যে পরিচিতি প্রয়োজন, ইন্দ্রনীলের তা নেই বলেই মনে করছে গেরুয়া নেতৃত্ব। তাই অধিক পরিচিত মুখ হিরণেই ভরসা রাখছেন পদ্ম নেতৃত্ব।
আরও পড়ুনঃ দেখা করলেন না প্রধানমন্ত্রী, রাস্তায় পদ্মশ্রী পদক ফেলে প্রতিবাদ কুস্তিগীর বজরং পুনিয়ার
২০২১-এর বিধানসভা ভোটের আগে অমিত শাহের মঞ্চে বিজেপিতে যোগ দেন হিরণ। তার পরেই পান কেন্দ্রীয় নিরাপত্তা। খড়্গপুর সদর থেকে বিজেপির প্রতীকে ভোটে লড়ে জয়ও পান অনায়াসে।




