খবর লাইভ : বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ নিয়ে দুশ্চিন্তায় ছিল রাজ্য। সব থেকে বেশি ঝুঁকিতে ছিল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। শুক্রবার দুপুরে বাংলাদেশের বরিশালের খেপুপাড়া দিয়ে স্থলভূমিতে ঢুকেছে মিধিলি। তবে এই ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে আর দুর্যোগের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মিধিলির কারণে শনিবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে বলেই জানা গিয়েছে। ঘূর্ণিঝড় সরে যাওয়ার কারণে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে বলে আলিপুরের হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
‘মিধিলি’ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছিল সৈকত শহর দিঘাতে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। একইসঙ্গে দফায় দফায় প্রচার করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়। দিঘার সৈকতে দফায় দফায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছিল। কড়াকড়ির জন্য মন খারাপ ছিল পর্যটকদের। কিন্তু শনিবার দিঘাকে পুরনো ছন্দে ফিরতে দেখা গেল।
দুর্যোগ কাটিয়ে চেনা মেজাজে সৈকত সুন্দরী। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটিয়ে চেনা ছন্দে দিঘা। শনিবার সকাল থেকেই ফুরফুরে মেজাজে সমুদ্র। শুক্রবার দিঘায় ছিল কঠোর নিরাপত্তা। পর্যটকদের সমুদ্রস্থানে বাধা দেওয়া হয়েছিল। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিজে উপস্থিত থেকে পরিস্থিতির জমিনে খতিয়ে দেখেছিলেন। আজ সকাল থেকেই আবহাওয়া অনেকটাই উন্নতি ঘটেছে। মেঘমুক্ত আকাশ, রোদ ঝলমলে পরিবেশে স্বাভাবিকভাবে আনন্দে দিশেহারা পর্যটকরা।




