খবর লাইভ : হঠাৎই আগুন ধরে গেল কলকাতা থেকে খড়্গপুরগামী একটি বাসে। শুক্রবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার মাদপুরের কাছে।
কেউ জানলা দিয়ে, কেউ দরজা দিয়ে ঝাঁপ দেন নীচে। যদিও কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের সাহায্যে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল ৫টা নাগাদ কলকাতার বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি। গন্তব্য ওড়িষার পারাদ্বীপ। কিন্তু রাত ৯টা নাগাদ বাসটি যখন খড়্গপুর গ্রামীণ থানার মাদপুর এলাকা দিয়ে যাচ্ছে, তখনই ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে অনেক যাত্রী ছিলেন। প্রচুর পণ্যও ছিল। অন্য দিকে, ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার পর বাসের চালক গাড়ি থেকে নেমে গেলেও বাসের দরজা বন্ধ ছিল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ সাময়িক স্বস্তি! দিল্লিতে রাতভর বৃষ্টি হলেও পিছু ছাড়ছে না দূষণ যন্ত্রণা
স্থানীয় ব্লক তৃণমূলের সভাপতি তৃষিত মাইতি জানান, কয়েক জন যাত্রী দোতলা ওই বাসের জানলার কাচ ভেঙে লাফ দেন নীচে। কয়েক জন দরজা দিয়ে লাফ দেন। তিনি আরও জানান, গাড়ির চালক এবং কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে জানতে পেরেছেন। পাশাপাশি, অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের পুলিশের গাড়িতে করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।



