খবর লাইভ : ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ! আবারও মালা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির সামনে চলে এল এক যুবক। যদিও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। শনিবার বিকালে কর্নাটকের দাবনগেরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে তিন মাসের মধ্যে দু-বার কর্নাটকে একই ঘটনার সম্মুখীন হলেন নমো। গোটা ঘটনায় প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।
আরও পড়ুনঃ ফের রাজ্যে কোভিডে মৃত্যুর ঘটনা
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে এদিন কর্নাটকের দাবনগেরে একটি অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুবালি-ধারওয়াড় রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত ২৬ তম জাতীয় যুব উৎসবের সূচনা করতে যান প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে যাওয়ার পথে একটি হুডখোলা গাড়িতে রোড শোও করেন তিনি। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দু-দিকে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে হাত নাড়তে-নাড়ছিলেন প্রধানমন্ত্রী। আর ধীরে-ধীরে এগোচ্ছিল তাঁর গাড়িটি। সেই রোড শো চলাকালীনই মোদির কনভয়ে এক যুবক ঢোকার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, এক যুবক হঠাৎ করেই নিরাপত্তা বলয় ভেঙে প্রধানমন্ত্রীর রোড শো-তে ঢোকার চেষ্টা করছেন। যদিও পরক্ষণেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন।




