খবর লাইভ : সকাল ১১ টায় শুরু জেরা। চলে একটানা রাত ৮ টা পর্যন্ত। প্রায় ৯ ঘন্টা ‘ম্যারাথন’ জেরার ‘ধকল’ কাটতে না কাটতেই এবার নয়াদিল্লিতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন গোরু পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বিশ্বস্ত হিসেবরক্ষক মনীশ কোঠারি। একইসঙ্গে জল্পনা শুরু হয়েছে বুধবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জেরা নিয়েও। প্রশ্ন উঠেছে, সায়গল হোসেন, মণীশ কোঠারির পর কী এবার সুকন্যার জন্য অপেক্ষা করছে ‘দু:সংবাদ’?
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তনু-কুন্তলকে বহিষ্কার করল তৃণমূল
বুধবার কোর্টে পেশ করা হবে মণীশ কোঠারিকে। বুধবারই দিল্লিতে ইডির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও। অনুব্রতর মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জেরা করতে চায় ইডি। সুকন্যা মণ্ডল এবং তার প্রয়াত মা ছবিরানী মণ্ডলের নামে ৩৪ কোটি টাকার বিপুল সম্পত্তির যে হিসেব রয়েছে ইডির কাছে সেই বিষয়টি নিয়েই সুকন্যা এবং অনুব্রতকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডির শীর্ষ আধিকারিকরা, এমনটাই দাবি সূত্রের।
স্বাভাবিকভাবেই সমস্যা বাড়ছে অনুব্রত মণ্ডলের। বীরভূমের ‘কেষ্ট’র বিরুদ্ধে এবার দ্রুত হাতে জাল গোটাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন তার জলজ্যান্ত প্রমাণ মনীশ কোঠারির গ্রেপ্তারি। মঙ্গলবার সকাল ১১ টায় দিল্লিতে ইডির সদর দপ্তর প্রবর্তন ভবনে জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেন মণীশ কোঠারি। টানা জেরা চলে তাঁর।
সূত্র অনুযায়ী, মধ্যাহ্নভোজনের সময়েও তিনি বাইরে বেরিয়ে আসেননি। সন্ধ্যে আটটার সময় ইডির পক্ষ থেকে জানানো হয় তদন্তে অসহযোগিতার জন্য গ্রেপ্তার করা হচ্ছে অনুব্রতর হিসাবরক্ষককে। ইডির সূত্রে আরও জানা গেছে যে কোটি কোটি টাকা মণ্ডল পরিবারের সম্পত্তি কেনাবেচার কাজে ব্যবহার করা হয়েছে তার হিসাব ঠিকভাবে দিতে পারেননি মণীশ। গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে ইনকাম ট্যাক্স ফাইলের পাশাপাশি আরও প্রচুর টাকার হদিস। মণীশ কোঠারির হাত দিয়ে বিভিন্ন জায়গায় বেনামে লগ্নি করেছেন অনুব্রত মণ্ডল। বহু সম্পত্তি বাজারদরের থেকেও বেশি টাকায় কেনার নথিপত্র সরকারের কাছে জমা করেছিলেন হিসেব রক্ষক মনীশ কোঠারি।



