খবর লাইভ : ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টোয় ভূমিকম্পটি আঘাত হানে। এতে কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলেও।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দিপায়ল শহর।
তবে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্পবিষয়ক দপ্তর। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।
আরও পড়ুনঃ ডেঙ্গু ঠেকাতে জেলা প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের
এর আগে মঙ্গলবারেই রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার অফ নেপাল-এর দাবি, পর পর তিন বার কেঁপে উঠেছে নেপাল। ভূমিকম্পের জেরে বাড়ি ভেঙে মারা গিয়েছেন ছয় জন।
জানা গিয়েছে, নেপালের ডোটি জেলায় গত ২৪ ঘণ্টায় তিন বার কম্পনের ফলে অনেক বাড়িতে ক্ষয়ক্ষতিও হয়েছে। আহতের সংখ্যাও বহু।
২০১৫ সালে নেপালে রিখাটার স্কেলে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গিয়েছিল বহু কিছু৷ মৃত্যু হয়েছিল ৮৯৬৪ জনের৷, আহত হয়েছিলেন ২২ হাজার ৷




