খবর লাইভ: তহবিল তছরূপ ও দাউদ যোগে Enforcement Directorate-এর হাতে গ্রেফতার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বুধবার সকালেই জিজ্ঞাসাবাদের জন্য NCP নেতাকে বাড়ি থেকে নিয়ে যায় ED। বেশ কয়েক ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় মহারাষ্ট্রের মন্ত্রীকে।
বুধবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর জেরা পর্ব শুরু করে ইডি। জানা গিয়েছে, এর আগে মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী নবাব মালিককে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিরুদ্ধে আন্ডারওর্য়াল্ডের সঙ্গে যোগ থাকার অভিযোগ উঠেছে। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ভাই আনিস, ছোটা শাকিল এবং অন্যান্য কুখ্যাত ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া একটি আর্থিক তছরূপ কেসে নবাব মালিকের যুক্ত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন নিয়ে যাওয়া হয়েছিল মালিককে।
আন্ডারওয়ার্ল্ড-দাউদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে গত সপ্তাহ থেকেই মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। সম্প্রতি দাউদের বিরুদ্ধে NIA-এর দায়ের করা মামলার সঙ্গে সংযোগ রয়েছে ইডি-এর তল্লাশির। জানা গিয়েছে, দাউদের সহকারী সর্দার শাহবল্লি খান এবং হাসিনা পার্কারের দেহরক্ষী সেলিম প্যাটেলের সঙ্গে যোগ রয়েছে নবাব মালিকের। সেই সূত্রেই দাউদের সঙ্গেও তাঁর যোগ থাকার সম্ভাবনাকে জুড়েছে তদন্তকারীরা বলে খবর।




