খবর লাইভ : ক্রমশ ধোঁয়াশা বাড়ছে চিনা গুপ্তচরকে নিয়ে।এসটিএফের হাতে ধৃত হান জানুইয়ের আইফোন প্রথমে খোলা যাচ্ছিল না। অবশেষে মেলে সাফল্য। হানের ফোন খুলতেই মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য। যা দেখে অবাক তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে, এবার তদন্তের গতি আরও দ্রুত হবে। কারণ ফোন খুলতেই গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পেয়েছেন তাঁরা। যদিও হানের ল্যাপটপ এখনও খোলা সম্ভব হয়নি।
কলকাতা পুলিশের এসটিএফ জানিয়েছে, হানের ফোনে পাওয়া গেছে, বহু ভারতীয় ও চিনা নাগরিকের নম্বর। এছাড়াও অন্য কয়েকটি দেশের নাগরিকদের নম্বরও মিলেছে হানের ফোন থেকে। চিনা ওই গুপ্তচর, ভুয়ো ইমেল আইডি ব্যবহার করে অ্যাপলের ফেসটাইমের মাধ্যমে সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ রাখত। আইফোন খোলা সম্ভব হলেও এখনও তদন্তকারীরা জানুইয়ের ম্যাকবুকটি খুলতে পারেননি। কারণ এখনও কিছুতেই তিনি তাঁর পাসওয়ার্ড দিতে চাইছেন না। তদন্তকারীদের অনুমান, ম্যাকবুকটিতে রয়েছে অনেক গোপন তথ্য।
সূত্রের খবর, চিনা গুপ্তচর হানকে জেরা করতে আসতে পারে সেন্ট্রাল আইবির একটি দল। ঘটনা হল, হানের ম্যাকবুকটির পাসওয়ার্ড মান্দারিন ভাষায়। এই ভাষা মূলত উত্তর চিন প্রদেশে ব্যবহৃত হয়। এই ভাষায় একটি সোশ্যাল গ্রুপে বিভিন্ন লোকের সঙ্গে চ্যাট করত সে। সেই ভাষাকে বুঝতে তৎপর গোয়েন্দারা। তাই এখানে মান্দারিন ভাষা জানা লোকের খোঁজ করছে পুলিশ। কয়েকদিন আগেই মালদা সীমান্ত থেকে ধরা পড়ে চিনা নাগরিক হান। এখন সে কলকাতা পুলিশের এসটিএফের হেফাজতে আছে। গোয়েন্দাসূত্রে খবর, এরআগেও হান ভারতে অন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারে, ভারত থেকে এই চিনে প্রায় ১৩০০ সিমকার্ড পাচার করেছিল হান। যেগুলি আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করা হতো।




