খবর লাইভ : কানা ঘুষো শোনা যাচ্ছিল অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে সম্পর্কের কথা। এবার সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গেলেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
পিঙ্কির অভিযোগ, শনিবার রাতে তাঁর গাড়ি আটকে হুমকি দেন কাঞ্চন ও তাঁর ‘প্রেমিকা’ শ্রীময়ী। তিনি আরও জানান, ঘটনায় ভয় পেয়ে যায় তাঁর সন্তানও। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। শনিবার রাতে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, শনিবার চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কির বাড়িতে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। সেখানেই বচসায় জড়ান তাঁরা, যা গড়ায় থানা পর্যন্ত। ওই আলোচনায় হাজির ছিলেন পিঙ্কির দাদাও।
উল্লেখ্য, এর আগেও একবার বিয়ে ভেঙেছিল কাঞ্চন মল্লিকের। তারপরেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। পিঙ্কি আবার সম্পর্কে প্রবাদ প্রতীম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মীয়া। অন্যদিকে, সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টোরাজ বলেন, ‘আমি তাজ্জব সব শুনে। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নাকি নিউ আলিপুর থানায় আমার নামে অভিযোগ দায়ের করেছেন। কেন? মনে হচ্ছে, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রচারের আলো টানতে এখন আমায় আর কাঞ্চন মল্লিককে জড়িয়ে এই নোংরা খেলায় মেতেছেন।’
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে জিতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক হয়েছেন কাঞ্চন। নির্বাচনী প্রচারের সময়েও কাঞ্চনের চর্চিত প্রেমিকা শ্রীময়ীকে দেখা গিয়েছিল তাঁর সঙ্গে। এদিকে কৃষ্ণকলি সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তা পেয়েছেন শ্রীময়ী। রাজনীতির জগতে ঢোকার পরেই কাঞ্চনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এই গোটা ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করে এড়িয়ে গেছেন অভিনেতা-বিধায়ক।




