খবর লাইভ : স্লোগান থেকে সরাসরি রাজ্য সরকারের প্রকল্প। এবার ‘খেলা হবে’ শব্দবন্ধকেই যেন স্বীকৃতি দিল রাজ্য। সরকারের নতুন ক্রীড়া কর্মসূচির নাম রাখা হয়েছে ‘খেলা হবে’। এই কর্মসূচির মধ্যে দিয়ে ফুটবলের মানোন্নয়নে রেজিস্টার ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হবে। ইতিমধ্যেই প্রত্যেকটি পুরসভা ও পঞ্চায়েত প্রশাসনের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। তবে রাজনৈতিক স্লোগানকে সরকারি ক্ষেত্রে ব্যবহার করা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
রাজ্যে টানা তিনবার বিধানসভা নির্বাচনে জয়ের দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা মোকাবিলার পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তাঁর প্রথম কাজ হবে ক্লাবে ক্লাবে ফুটবল বিতরণ। ঘূর্ণিঝড় যশ মোকাবিলার পরও প্রতিশ্রুতি ভোলেননি মমতা। যা নিশ্চিত করা গেল মঙ্গলবার। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকেই রাজ্যের রেজিস্ট্রার ক্লাবগুলিকে ফুটবল তুলে দেওয়া হবে। রাজ্যের ‘জয়ী’ প্রকল্পে তৈরি ফুটবলই দেওয়া হবে ক্লাবগুলোকে।
রাজ্যের পুর-প্রশাসনগুলিকে বলা হয়েছে, রেজিস্ট্রার ক্লাবগুলির তালিকা তৈরি করতে। শুধু তাই নয়, তারমধ্যে কটি ক্লাব খেলাধূলায় সক্রিয় এবং কোনগুলি নয় সেই সার্ভেও করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি চলতি মাসের ২৮ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। তারপর বাছাই করা রেজিস্ট্রার ক্লাবের তালিকা পাঠাতে হবে ক্রীড়া দফতরে। তালিকা জমা পড়লেই পাঠানো হবে ফুটবল।




