খবর লাইভ : জঙ্গিরা কেড়ে নিয়েছিল স্বামীর প্রাণ। স্বামীকে শ্রদ্ধা জানাতে শনিবার সেনাবাহিনীতে যোগ দিলেন পুলওয়ামায় নিহত বিভূতি ধৌনদিয়ালের স্ত্রী। শনিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনার উত্তর বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশির উপস্থিতিতে সেনায় প্রবেশ করলেন শহিদপত্নী।
২০১৯ এ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ হন ৪০জন আধা সামরিক বাহিনীর জওয়ান। তার কয়েকদিন বাদেই জঙ্গি হামলায় শহিদ হন মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়ালের। স্বামীকে শ্রদ্ধা জানাতে সেনাতে যোগ দেওয়ার মরিয়া চেষ্টা শুরু করেন তাঁর স্ত্রী নিকিতা ধৌনদিয়াল। এমবিএ পাশ নিকিতা নয়ডায় একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর সেই চাকরিতে মন ছিলনা।নিকিতার শাশুড়িও চাইতেন নিকিতা সেনাতে যোগ দিন। সেই অনুযায়ী শুরু হয় কঠিন প্রস্তুতি। স্বামী মারা যাওয়ার ৬ মাস পরে শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) পরীক্ষা পাশ করেন। উতরে যান সার্ভিস সিলেকশন বোর্ডের (এসএসবি) ইন্টারভিউ।অবশেষে শনিবার ভারতীয় সেনার উত্তর বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশির উপস্থিতিতে সেনায় প্রবেশ করলেন শহিদপত্নী। চেন্নাইতে এতদিন ভারতীয় সেনার অ্যাকাডেমিতে ট্রেনিং নিচ্ছিলেন। এদিন সেনা অ্যাকাডেমি থেকে ৩১ জন মহিলা অফিসার গ্র্যাজুয়েশন পাশ করেছেন। তাঁদের মধ্যেই নাম রয়েছে পুলওয়ামায় শহিদ পত্নী নিতিকার।



