খবর লাইভ : ফল প্রকাশের আগে দলের প্রার্থী, এজেন্টদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পর এবার সাংগঠনিক বৈঠক ডাকলেন তিনি। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী ৫ জুন তৃণমূল ভবনে ওই বৈঠক ডাকা হয়েছে। যেখানে সমস্ত বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে বেশ কয়েকটি সাংগঠনিক পদে রদবদল করতে পারেন তৃণমূল নেত্রী।
ভোটের ফলাফল বেরোনোর আগে থেকেই রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছিল। ক্ষমতায় ফিরেই করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ তৃতীয়বারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই কাজ সুষ্ঠুভাবে করার আগেই ঘূর্ণিঝড় যশের তাণ্ডব। এই পরিস্থিতিতে দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গের দুটি জেলায় এবারে খাতা খুলতে পারেনি শাসকদল। কেন এই খারাপ ফল? তা নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই বৈঠকে তৃণমূলের বেশ কয়েকটি সাংগঠনিক রদবদল হতে পারে বলে সূত্রের খবর।
বিধানসভা নির্বাচন মিটলেও পুরভোট নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে সূত্রের খবর তা নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পুর নির্বাচন হতে পারে রাজ্যে। আর সে কথা মাথায় রেখে এখন থেকে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন মমতা। সে কারণেই দলে রদবদল হতে পারে। আবার ফল প্রকাশের পর থেকেই তৃণমূল ত্যাগীরা তো বটেই অনেক বিজেপির জনপ্রতিনিধি ও তৃণমূলে আসতে চাইছেন। ৫ জুনের বৈঠকে তাদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



