State

মুখ্যসচিব পদে থাকছেন আলাপনই

0
(0)

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে রাজ্যের মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরও তিন মাস বাড়ানোয় অনুমোদন দিল কেন্দ্র। ফলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকের দায়িত্বভার সামলাবেন তিনি।

৬০ বছর পূর্ণ হওয়ায় চলতি মাসের ৩১ তারিখ অবসর নেওয়ার কথা ছিল তাঁর। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে সমর ঘোষের পরে আলাপনই হলেন দ্বিতীয় মুখ্যসচিব যাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হল। ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষের কার্যকাল আরও ৬ মাস বাড়িয়েছিলেন মমতা।

গত বছর ২৯ সেপ্টেম্বর রাজীব সিনহার অবসরের পরেই রাজ্যের মুখ্যসচিব পদে আলাপনকে বসান মুখ্যমন্ত্রী। এক সময়ে পেশাগত দিক থেকে সাংবাদিকতার দায়িত্ব সামলানো ৬০ বছর বয়সী আমলা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছের মানুষ হিসেবেই প্রশাসনিক মহলে পরিচিত ছিলেন। যদিও রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর বিশ্বস্তপাত্র হয়ে ওঠেন আলাপন। পরিবহণ, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সচিবের পাশাপাশি স্বরাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন।

গত ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছিলেন, ‘কোভিড পরিস্থিতি সামাল দিতে হলে আলাপনের মতো দক্ষ আধিকারিককে রাজ্যে দরকার।’ তবে মুখ্যমন্ত্রী ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানোর অনুরোধ জানালেও কেন্দ্রের পক্ষ থেকে আলাপনের কার্যকালের মেয়াদ তিন মাস বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *