খবর লাইভ : মঙ্গলবার দুপুর থেকে জ্বর ছিল ফিরহাদ হাকিমের। ছিল পেটের সমস্যাও। ফলে জেল কর্তৃপক্ষ করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেয়। এদিন অন্য কয়েদিদের সঙ্গেই করোনা টেস্ট হয় পরিবহণ মন্ত্রী ফিরহাদের। জেল সূত্রে জানা গিয়েছে, তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ। গ্যাসের সমস্যার জন্য তাঁকে ওষুধও দেওয়া হয়েছে।
মদন মিত্র- শোভন চট্টোপাধ্যায়- সুব্রত মুখোপাধ্যায়ের পর এবার অসুস্থ রাজ্যের পরিবহণমন্ত্রীও। আপাতত তিনি জেলের হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দিনভর তোলপাড় পড়ে যায় সিবিআই রাজ্যের চার হেভিওয়েট নেতাকে নারদ মামলায় গ্রেফতার করায়। সন্ধেয় নিম্ন আদালতে জামিন মিললেও রাতে জামিনের উপরে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ফলে চার জনকেই পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে। জেলে যাওয়ার পরে ওই রাতেই অসুস্থ হয়ে পড়েন মদন ও শোভন। শ্বাসকষ্ট নিয়ে তাঁদের ভর্তি করা হয় এসএসকেএমে। সুব্রতও অসুস্থ বোধ করেন, তবে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা হয়। ভর্তি করা হয়নি। কিন্তু গতকাল ফের তিনি অসুস্থ বোধ করলে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।
কিন্তু ফিরহাদ ওই দিন থেকেই জেলে ছিলেন। জেল সূত্রে খবর, কাল রাতের দিকে তাঁর জ্বর আসে। তাঁকে অন্য হাসপাতলে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি। আপাতত জেল হাসপাতালেই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁকে প্যারাসিটামল দেওয়া হয়।
এদিকে মদনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকেও সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত ভিড় থাকার জন্য এদিন তাঁর সিটিস্ক্যান করানো যায়নি।




