খবর লাইভ : করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। শ্বাসকষ্ট শুরু হওয়ায় মীরাকে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুদ্ধদেব অবশ্য নিজের বাড়িতেই চিকিৎসাধীন। দীর্ঘদিন সিওপিডি- র রোগী বলে চিকিৎসকরা তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। কিন্তু তিনি কিছুতেই ভর্তি হতে চাইছেন না বলে আলিমুদ্দিন সূত্রে খবর।
পরিবার সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়িতেই ৫ মিলিমিটার অক্সিজেন বাড়িয়ে দিতে বলেছেন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্য বর্তমানে স্থিতিশীল রয়েছেন। অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৫-৯৬ এর মধ্যে রয়েছে। সিটি স্ক্যান এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হয়েছে। তবে শ্বাসকষ্টসহ জ্বর জ্বর ভাব এবং শরীরে অস্বস্তি রয়েছে মীরা দেবীর।
সিপিএম সূত্রে খবর, আজ বুদ্ধদেবকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হতে পারে। আপাতত তিনি স্থিতিশীল বলে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন।




