খবর লাইভ : মাথার ওপর চড়া রোদ। সঙ্গে দোসর অসহ্য গরম। এই দুয়ের সাঁড়াশি আক্রমণ নাজেহাল রাজ্যবাসী। স্বাস্থ্য দফতর জানিয়েছে, জুলাই পর্যন্ত মাঝেমধ্যেই এমন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এসবের মধ্যে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
একদিকে করোনার রক্তচক্ষু। অন্যদিকে অসহ্য গরম। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গরম ও অস্বস্তি করা আবহাওয়া বজায় থাকবে। বুধবার থেকে পরপর তিনদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘমুক্ত থাকবে। তবে শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য দফতর বিভিন্ন জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোকে যথেষ্ট পরিমাণ ওআরএস, স্যালাইন, আন্টি হিস্টামিন, আন্টি পাইরেটিক ইত্যাদি মজুদ রাখার ওপর জোর দিয়েছে।



