খবর লাইভ : সাধারণতন্ত্র দিবসে হিংসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের দ্বিতীয় মামলায় পঞ্জাবি অভিনেতা ও সমাজকর্মী দীপ সিধুকে সোমবার জামিন দিল দিল্লির এক আদালত। তাঁর গ্রেফতারিকে ‘বিদ্বেষপূর্ণ ও অশুভ’ বলে মন্তব্য করেছে আদালত। প্রতিষ্ঠিত অপরাধমূলক প্রক্রিয়া নিয়ে এ এক ধরনের প্রতারণা। এমনই জানিয়েছে আদালত। রিলিভার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সাহিল গুপ্তা জামিন দিয়েছেন সিধুকে। তিনি বলেছেন, গ্রেফতারির সময় ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সিধুর নামে দুটি এফআইআর হয়েছিল। প্রথম এফআইআরের ক্ষেত্রে সেশন আদালত তাঁকে জামিন দিয়ে দেয়। কিন্তু এর ঘণ্টা খানেক পর দ্বিতীয় এফআইআরের ভিত্তিতে অপরাধ শাখা গ্রেফতার করে সিধুকে।
এপ্রসঙ্গে আদালত বলেছে, অভিযুক্ত ৯ ফেব্রুয়ারি থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন জানা সত্ত্বেও তাঁকে ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়েছে। এ থেকে স্পষ্ট যে, সংবিধানের ২১ ধারায় স্বীকৃত নাগরিকদের জীবনের স্বাধীনতা ও অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সেশন বিচারপতির জামিনের নির্দেশকে অমান্য করার চেষ্টা করা হয়েছে। এরই সঙ্গে আদালতের মন্তব্য, একই ঘটনার জন্য এক জন ব্যক্তিকে তদন্তের নামে বারবার পুলিশ হেনস্থা করতে পারে না। অভিযুক্তকে ১৪ দিন ধরে আগেই জেরা করা হয়েছে পুলিশি হেফাজতে এবং ৭০ দিন ধরে হেফাজতে ছিলেন। তারপর তাঁকে সাধারণ জামিন দেওয়া হয়। সিধুর স্বাধীনতার উপর আর কোনও ভাবে হস্তক্ষেপ করা অযৌক্তিক ও বেআইনি।




